গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ আনোয়ার ইব্রাহিমের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে জনপ্রিয় গান ‘আমার বন্ধু মহা জাদু জানে’ ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশার কথাও তুলে ধরেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন মালয়েশিয়ার সরকারপ্রধান। পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় তিনি দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আনোয়ার ইব্রাহিম জানান, সাম্প্রতিক বৈঠক ও আলোচনায় উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি শক্তি খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং শ্রমশক্তি ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে। এসব খাতে যৌথ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
বিজ্ঞাপন
পোস্টে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি মিয়ানমারের চলমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি এবং মিয়ানমারের অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে। তিনি এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান হিসেবে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণে বাংলাদেশ যে ভূমিকা পালন করে আসছে, তারও প্রশংসা করেন তিনি।
আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় সংলাপ, পারস্পরিক সম্মানবোধ এবং শান্তিপূর্ণ সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা জরুরি। এই নীতির ভিত্তিতেই দুই দেশ নিজেদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে বলে তিনি মত দেন।
বিজ্ঞাপন
দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক অগ্রগতি, বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার বিপুল সম্ভাবনা এখনও বিদ্যমান রয়েছে। বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে উভয় দেশই আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সমঝোতা ও আলোচনাগুলো ভবিষ্যতে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হওয়ার পাশাপাশি পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির পথ আরও সুগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।








