বিআইডব্লিউটিএ'র আলোচিত পরিচালক আরিফ সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আলোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন কে সাময়িক বরখাস্ত হরেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ'র এক দপ্তর আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের দায়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দপ্তর আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এই সময়ে তিনি কর্তৃপক্ষের প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা দেবেন। হাজিরা অনুসারে খোরাকি ভাতা প্রদান করা হবে।








