মা ইলিশ সংরক্ষণে সমুদ্র-নদীতে নৌবাহিনীর টহল

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে দেশের সমুদ্র, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ২২ দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। সরকারের ঘোষিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নে নৌবাহিনীর জাহাজ ও সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের সমুদ্র, উপকূলীয় এলাকা এবং অভ্যন্তরীণ নদ-নদীতে এ অভিযান পরিচালিত হবে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনীর জাহাজ ও সদস্যদের সমন্বয়ে দেশের নয়টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।

অভিযান চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মাছ ধরার নৌযান দিয়ে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ আহরণও নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্য নৌযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি সামুদ্রিক টহল বিমান ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নৌবাহিনীর বহরের জাহাজ, ক্রাফট, বোট ও সদস্যদের সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন এলাকায় মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে। অবৈধভাবে ইলিশ আহরণ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন

অভিযানের পাশাপাশি ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণাও চালানো হবে। ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা এবং নির্বিঘ্ন প্রজননের পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, ইলিশের প্রজনন মৌসুমে প্রজনন ক্ষেত্র সুরক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় অর্থনৈতিক সম্পদ ইলিশ সংরক্ষণের পাশাপাশি সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ জলসীমায় মৎস্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও নৌবাহিনী দায়িত্ব পালন করছে।








