জনগণের সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করেছে সরকার

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
নূরুল ইসলাম মনি বলেন, দেশে গত দুই বছর হামের টিকাদানে ঘাটতি থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে। আগের সময়ে তৈরি হওয়া এ পরিস্থিতির চাপ বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। স্বাস্থ্য খাত পুনর্গঠনে ডা. জুবাইদা রহমানের পরামর্শ ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছেন। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, মানবদেহের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
থাইরয়েড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও গবেষণায় সহযোগিতার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ ক্ষেত্রে জাতীয় সংসদে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুযোগ থাকলে তা বাস্তবায়নেরও চেষ্টা করবেন বলে জানান চিফ হুইপ। তাঁর মতে, শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে থাইরয়েড রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নত করা সম্ভব।
সম্মেলনের সাফল্য কামনা করে তিনি বলেন, এ আয়োজন থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সুপারিশ দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফৌজিয়া মোসলেমও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সম্মেলনে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি, থাইরয়েড ক্যানসার, গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা, আয়োডিনের ঘাটতিজনিত রোগ এবং থাইরয়েড রোগের সঙ্গে হৃদযন্ত্রের সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হয়। সম্মেলনে ১২টি মৌখিক গবেষণাপত্র ও ১০টি পোস্টার উপস্থাপন করা হয়।








