Logo

হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, বললেন প্রতিমন্ত্রী ফরহাদ

profile picture
উপজেলা প্রতিনিধি
বোদা, পঞ্চগড়
৯ অক্টোবর, ২০২৬, ১৫:৪৭
হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, বললেন প্রতিমন্ত্রী ফরহাদ
ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়ের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিআর চালের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার এই বাংলাদেশ সবার’—এই স্লোগান ধারণ করে বর্তমান সরকার দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সফল হবো।”

বিজ্ঞাপন

ধর্মীয় উসকানি দিয়ে পূজার আয়োজন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ধর্মীয় উসকানি বা অন্য কোনো উপায়ে পূজা-অর্চনায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে।

দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের প্রস্তুতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় আট হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে বিভিন্নভাবে সহযোগিতা করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বোদা উপজেলার ৯৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অন্নদা প্রসাদ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের কাছেও প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে জিআর চালের ডিও হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দুই উপজেলায় মোট ২১৩টি পূজামণ্ডপের জন্য চাল বরাদ্দের ডিও বিতরণ করা হয়েছে। প্রতিমণ্ডপে ৬০০ কেজি হিসাবে মোট চালের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৭ হাজার ৮০০ কেজি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD