১-২ বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন দেখা যাবে

আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে রাজধানীতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা শহরগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘পুরো দেশেই বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয়নি। ঢাকার আমিন বাজারে ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের কাজ হাতে নিয়েছি। ঢাকা দক্ষিণে ওয়েস্ট টু এনার্জি অ্যান্ড রিসোর্স প্রকল্পের কাজ আরম্ভ হয়েছে। এখন আমরা জেলা ও উপজেলা শহরগুলোতে শুরু করব।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা না গেলে দূষণ নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা কঠিন হবে। এ কারণে চলমান উদ্যোগগুলো বাস্তবায়নের পাশাপাশি দেশের অন্যান্য শহরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশজুড়ে এ ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গাজীপুর সাফারি পার্ক থেকে লেমুর চুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, প্রাণীটি অবৈধভাবে সেখানে এসেছিল বলে জানা গেছে। পরে সেটি সাফারি পার্ক থেকে চুরি হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, ‘লেমুরটি ইলিগ্যালি এসেছে। সেটা সাফারি পার্ক থেকে আবার চুরি হয়ে গেছে। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি, ইনভেস্টিগেশন করছি। আম্বানির চিড়িয়াখানার দুইটা লেমুর এখান থেকে গেছে, এটা তো বলা যাবে না। তবে এটা ঠিক, আমাদের এখান থেকে দুইটা লেমুর চুরি হয়েছে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। যারা দায়ী থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার দুপুরে পরিবেশমন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। পরে তিনি গাজীপুর সাফারি পার্ক ঘুরে দেখেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরু-আল-মামুন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফিন এবং গাজীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবুবক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








