ধানমন্ডি ৩২ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া যুবক আটক

নিরাপত্তা জোরদারের মধ্যে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পুলিশ সদস্যদের ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করে পুলিশ ভ্যানে ধানমন্ডি মডেল থানায় নেওয়া হয়।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ওই যুবক পুলিশ সদস্যদের ভিডিও করছিলেন। একাধিকবার নিষেধ করা হলেও তিনি নির্দেশনা মানেননি। এ কারণে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে থানায় আনা হয়। তার পরিচয় ও কর্মকাণ্ড যাচাই করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
বিজ্ঞাপন
আটকের সময় ঘটনাস্থলে থাকা এসআই আরিফ হোসেন জানান, সাখাওয়াত নিজেকে ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে ওই যুবক বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।








