বিমানবন্দরে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে দিল আনসার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীলতায় এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে লাগেজটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে। বিদেশফেরত প্রবাসী মো. শাহীন মৃধা তার লাগেজ খুঁজে না পেয়ে দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতা চান।
বিষয়টি জানতে পেরে আনসার সদস্য এপিসি মো. নিজাম উদ্দীন তাৎক্ষণিকভাবে লাগেজ উদ্ধারে উদ্যোগ নেন এবং দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে অবহিত করেন। পরে তার নির্দেশনায় আনসার সদস্যরা মাইকিং, অনুসন্ধান ও বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন।
বিজ্ঞাপন
অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, দুবাইপ্রবাসী মো. ঈমান আলী ভুলবশত নিজের লাগেজ বিমানবন্দরে রেখে ওমানপ্রবাসী শাহীন মৃধার লাগেজ সঙ্গে নিয়ে চলে গেছেন। ফলে নিজের লাগেজ না পেয়ে শাহীন মৃধা উদ্বিগ্ন হয়ে পড়েন।
তদন্তের সময় ক্যানোপি এলাকায় পড়ে থাকা একটি মালিকবিহীন লাগেজের ট্যাগ পরীক্ষা করে একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন আনসার সদস্যরা। পরে সেই নম্বরে যোগাযোগ করা হলে দুবাইপ্রবাসী ঈমান আলীর সঙ্গে কথা হয়। তাকে জানানো হয়, তার লাগেজ বিমানবন্দরে রয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত বিমানবন্দরে ফিরে আসেন।
পরবর্তীতে তার সঙ্গে থাকা লাগেজ এবং বিমানবন্দরে পড়ে থাকা লাগেজের ট্যাগ নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ভুলবশত ঈমান আলী শাহীন মৃধার লাগেজ নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে তার নিজের লাগেজ বিমানবন্দরেই পড়ে ছিল।
বিজ্ঞাপন
পরে উভয় যাত্রীকে উপস্থিত রেখে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয় এবং তাদের নিজ নিজ লাগেজ বুঝিয়ে দেওয়া হয়।
হারানো লাগেজ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শাহীন মৃধা। এ সময় তিনি আনসার সদস্যদের দ্রুত সাড়া, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দরসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিমানবন্দরে হারানো লাগেজ উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তাদের জনসেবামুখী ভূমিকার আরেকটি উজ্জ্বল উদাহরণ।








