Logo

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় গড়ে উঠবে ড্রোন উৎপাদন কারখানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৭:৪৬
তুরস্কের সহযোগিতায় বগুড়ায় গড়ে উঠবে ড্রোন উৎপাদন কারখানা
ছবি: সংগৃহীত

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদনের জন্য একটি আধুনিক কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বিমান ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় নির্মাণাধীন বিমানঘাঁটির পাশেই যৌথ উদ্যোগে ড্রোন তৈরির কারখানা গড়ে তোলা হবে। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

মীর শাহে আলমের ভাষ্য অনুযায়ী, ড্রোন উৎপাদন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে দেশের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে দেশীয় পর্যায়ে আধুনিক ড্রোন উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া বিমানবন্দর দেশের একটি পুরোনো বিমানবন্দর। অতীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এবং পরবর্তী বিএনপি সরকারের আমলেও এর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন রাজনৈতিক কারণে সেই উদ্যোগ বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি।

বর্তমান পরিকল্পনার আওতায় বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে বলে জানান তিনি। এর পাশাপাশি উত্তরাঞ্চলের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন বিমানঘাঁটি চালু হলে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়া আধুনিক যুদ্ধবিমানগুলোও এই ঘাঁটিতে অন্তর্ভুক্ত করা হবে। ফলে বগুড়া কেবল একটি বিমানবন্দর হিসেবেই নয়, দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমান ও প্রতিরক্ষা অবকাঠামোর কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

বিজ্ঞাপন

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিমানঘাঁটি, আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং ড্রোন উৎপাদন কারখানা—এই তিনটি উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া অঞ্চলে শিল্প, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD