Logo

আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

profile picture
জেলা প্রতিনিধি
১৮ জুন, ২০২৬, ১৫:২১
আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শাহে আলম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা করা হতে পারে। এর মাধ্যমে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ‘স্বৈরাচারকে পুনর্বাসনের’ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশে একটি বহুতল ভবন অধিগ্রহণ করে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানের অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগবিষয়ক চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD