Logo

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৭ অক্টোবর, ২০২৬, ১৪:০৯
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটি থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) সকালে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আগামী দুই থেকে তিন দিন এই পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই সুন্দলপুর-৪ কূপের খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে কূপটির অবস্থান। এর আগে একই গ্যাসক্ষেত্রের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় সুন্দলপুর-১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল।

নতুন কূপটি সেনবাগে অবস্থিত হলেও একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্র কাঠামোর অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে সুন্দলপুর-৪।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD