মদনে বজ্রপাতে নিহত রাজিবের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের রাজিব বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জনসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা নিয়ে নিহতের পরিবারের কাছে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।
এ সময় কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিগগিরই আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মানবিক সহায়তা নিয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।








