Logo

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, সেই এএসআই দম্পতি গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৮ জুন, ২০২৬, ১১:৪০
গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, সেই এএসআই দম্পতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি মিত্র।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার কিশোরীর মা সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে। আহত কিশোরী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্য, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে কিশোরীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, যন্ত্রণায় মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবসও করানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেশীদের দাবি, রান্নার তরকারি হাত থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে পপি মিত্র ওই কিশোরীর ওপর নির্যাতন চালান। তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই গৃহকর্মীটি বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল। তার শরীরে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা নরসিংদী থেকে এসে মামলা দায়ের করার পর অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD