বাঘায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, মাদকমুক্ত উৎসবের আহ্বান

রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক সেবন, উচ্ছৃঙ্খলতা ও নারীদের হয়রানি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফায়সাল তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, দুর্গোৎসব যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, বাঘার মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বিজ্ঞাপন
দুর্গোৎসব চলাকালে নেশাজাতীয় দ্রব্য পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবের পবিত্রতা ও আনন্দময় পরিবেশ বজায় রাখতে মাদকসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। পূজামণ্ডপ বা আশপাশে কেউ মাদক সেবন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে উচ্ছৃঙ্খলতা ও নারীদের হয়রানি না করার বিষয়ে সতর্ক করেন।
উপজেলা প্রশাসন জানায়, এ বছর বাঘা উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় পূজা উদযাপন কমিটির নেতারা নিজ নিজ মণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর ওপর গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত পান্ডে বাকু, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, বাঘা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি তাপস কুমার, সাধারণ সম্পাদক নয়ন কুমার, জামায়াত নেতা সাইফুল ইসলাম ও মামুন আলী, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ৪৭টি পূজামণ্ডপের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।








