চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধান অনুযায়ী শপথ গ্রহণ সম্পন্ন হয়। পরে প্রচলিত নিয়ম অনুসারে সংসদ সচিবের কক্ষে সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন এমপি।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপরা, বিভিন্ন সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।
এর আগে বৃহস্পতিবারই নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে। একই দিনে হাইকোর্ট তার মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রায়ের পর সরোয়ার আলমগীরের আইনজীবীরা জানান, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করায় ফলাফলের গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা ছিল না।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-২ আসনে অংশ নেন সরোয়ার আলমগীর। তার মনোনয়নপত্র প্রথমে রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করলেও ঋণখেলাপির অভিযোগে করা আপিলের পর নির্বাচন কমিশন তা বাতিল করে।
বিজ্ঞাপন
এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ নির্বাচনের ফলাফল প্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখে।
পরবর্তীতে নিয়মিত শুনানি শেষে আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই ধারাবাহিকতায় চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে রুল যথাযথ ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরোয়ার আলমগীর।








