Logo

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: সংসদে মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৭:৩৭
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: সংসদে মন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতায় থাকা ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, সংরক্ষণ ও আরও সুসংহত করার পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং ভাষাগত দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেরও অংশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, অভিবাসন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সহজ করতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি, প্রশিক্ষণ ও সনদ প্রদান, বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা যাচাই, বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা বেড়েছে।

মন্ত্রী আরও বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট) নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভিবাসন-সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD