মেয়েদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

মেয়েদের জন্য অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার সরকার ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ চালু করেছিল, আর বর্তমান সরকারের লক্ষ্য সেটিকে অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স বা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, সংসদ অধিবেশন গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীরাও সরাসরি কার্যক্রম প্রত্যক্ষ করছেন। ভবিষ্যতে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
এদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।








