Logo

‘নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত রিকশা’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই, ২০২৬, ২০:৪৫
‘নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত রিকশা’
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজি-বাইকের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট এবং সড়ক দুর্ঘটনা কমাতে নতুন নীতিমালা আনতে যাচ্ছে সরকার। এসব যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের উপায় নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নোটিশে শওকত আরা আক্তার দেশের কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গণপরিবহনকে ধাপে ধাপে বৈদ্যুতিক বা পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর ব্যবস্থায় রূপান্তরের প্রস্তাব তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে। তার মতে, পরিবহন খাত থেকে বছরে প্রায় ১১ দশমিক ৬ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়, যার বড় অংশ আসে ডিজেলচালিত বাস ও ট্রাক থেকে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বৈদ্যুতিক যানবাহনের প্রসার, সিএনজি ও এলএনজির ব্যবহার এবং সবুজ হাইড্রোজেন ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

পরে সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার বলেন, রাজধানীর যানজট ও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল কাজ করছে। তবে কম খরচে যাতায়াত এবং চালকদের শ্রম কম লাগার কারণে এসব যান সাধারণ মানুষের কাছেও জনপ্রিয়। তাই এগুলো পুরোপুরি বন্ধ না করে মানোন্নয়ন ও নির্দিষ্ট কর্তৃপক্ষের আওতায় এনে পরিচালনার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণ মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সরাসরি ভূমিকা সীমিত। তবে রাজধানীর যানজট নিরসন এবং আধুনিক বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা ও ইজি-বাইকের কার্যকর নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য উচ্চপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব শিগগিরই ঢাকা সিটিসহ সারা দেশের জন্য একটি সমন্বিত নীতিমালা ও নির্দেশনা জারি করা হবে। এরপর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়নে কাজ করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD