এবার তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণ মেনে নেওয়া হবে না। তাদের প্রধান দাবি এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাবান্ধব একজন ব্যক্তিকে এ দায়িত্বে নিয়োগ দেওয়া।
বিজ্ঞাপন
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবির সঙ্গে শিক্ষা বোর্ডের সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরও তারা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন। বিষয়টি তাদের বুঝিয়ে বলা হয়েছে, তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।








