‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাবে সড়ক অবরোধ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
সরেজমিনে দেখা যায়, সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন পরীক্ষার্থীরা। অনেকেই নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল বলেন, আমরা পরীক্ষা দিতে আপত্তি করছি না। কিন্তু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রিদয় বলেন, গতকালের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এ সিদ্ধান্তের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে সাইন্সল্যাব ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।








