Logo

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক সুজন মিয়া প্রত্যাহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১৯:২৩
নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক সুজন মিয়া প্রত্যাহার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সকালে বিচারকের প্রত্যাহার ও শাস্তির দাবিতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে তারা একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সমাবেশ করেন।

ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ। আদালতের কার্যক্রম চলাকালে পেছনের বেঞ্চে বসা আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথাবার্তায় বিচারক একাধিকবার সতর্ক করেন। তবুও কথা বলা বন্ধ না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে তাদের দিকে কাচের একটি পেপারওয়েট ছুড়ে মারেন।

এ সময় শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় পেপারওয়েটটি আঘাত করলে তার কপাল ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, সাবিহা সুলতানা জ্যেষ্ঠ আইনজীবী এম এম জুলকদর রহমানের অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD