নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও

দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ২০টিতে নারী জেলা প্রশাসক (ডিসি) এবং ৪৯৯ উপজেলার ১৯১টিতে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের মতে, এটি প্রশাসনে নারীর নেতৃত্ব ও সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন।
বিজ্ঞাপন
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ ১৮ জন নারী ডিসি দায়িত্বে ছিলেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২০-এ পৌঁছেছে। তবে দেশের নয়টি বিভাগীয় কমিশনার পদের কোনোটিতেই বর্তমানে নারী কর্মকর্তা নেই।
বর্তমানে নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন—ঢাকার ফরিদা খানম, মুন্সীগঞ্জের সৈয়দা নূরমহল আশরাফী, নরসিংদীর ইসরাত জাহান কেয়া, মানিকগঞ্জের নাজমুন আরা সুলতানা, কিশোরগঞ্জের সোহানা নাসরিন, টাঙ্গাইলের শরিফা হক, রাজবাড়ীর আফরোজা পারভীন, শরীয়তপুরের তাহসিনা বেগম, মাদারীপুরের মর্জিনা আক্তার, কুমিল্লার রোজী আক্তার, রাঙ্গামাটির নাজমা আশরাফী, ফেনীর মনিরা হক, নাটোরের আসমা শাহীন, খুলনার হুরে জান্নাত, সাতক্ষীরার কাউসার আজিজ, চুয়াডাঙ্গার লুৎফুন নাহার, মেহেরপুরের শিল্পী রানী রায়, বরগুনার তাছলিমা আক্তার, কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ এবং পঞ্চগড়ের শুকরিয়া পারভীন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে নারী ডিসির সংখ্যা সবচেয়ে বেশি। বিভাগের ১৩ জেলার মধ্যে ৯টিতে নারী ডিসি রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে নারী জেলা প্রশাসক দায়িত্ব পালন করছেন।
শুধু জেলা প্রশাসন নয়, উপজেলা পর্যায়েও নারীদের নেতৃত্ব বাড়ছে। বর্তমানে দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে নারী ইউএনও দায়িত্বে রয়েছেন, যা মোট উপজেলার প্রায় ৩৯ শতাংশ।
ভূমি প্রশাসনেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বর্তমানে ৪৭৮ জন সহকারী কমিশনার (ভূমি)-এর মধ্যে ১১৬ জন নারী কর্মকর্তা রয়েছেন, যা মোট পদের ২৪ শতাংশের বেশি।
বিজ্ঞাপন
সব মিলিয়ে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ১ হাজার ৮৫টি পদের মধ্যে ৩৩২টিতে নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ গুরুত্বপূর্ণ পদে এখন নারীরা নেতৃত্ব দিচ্ছেন।
কেন্দ্রীয় প্রশাসনেও নারী কর্মকর্তাদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। বর্তমানে ৮১টি সচিব ও সচিব-সমমর্যাদার পদের মধ্যে ১৪টিতে নারী কর্মকর্তা রয়েছেন। এছাড়া ৩৬১ জন অতিরিক্ত সচিবের মধ্যে ৭৩ জন, ১ হাজার ৫১ জন যুগ্ম সচিবের মধ্যে ২৪৯ জন, ১ হাজার ৬৪৩ জন উপসচিবের মধ্যে ৪০৪ জন এবং ৩ হাজার ৩৫০ জন সহকারী ও সিনিয়র সহকারী সচিবের মধ্যে ৯৮৬ জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সব মিলিয়ে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত ৬ হাজার ৩৩০টি পদের মধ্যে ১ হাজার ৬৮৬টিতে নারী কর্মকর্তা রয়েছেন। এ হিসেবে প্রশাসনের এসব পদে নারীর অংশগ্রহণের হার ২৬ দশমিক ৬৪ শতাংশ।








