৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফল অনুযায়ী, লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
এর আগে পিএসসির প্রকাশিত সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল আগামী ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফলাফল প্রকাশ করে কমিশন।
ফল প্রকাশের পাশাপাশি মৌখিক পরীক্ষার সময়সূচিও জানানো হয়েছে। পূর্বঘোষিত ক্যালেন্ডারে আগামী ১০ আগস্ট থেকে ভাইভা শুরু হওয়ার কথা থাকলেও নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। ভাইভা শেষে চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।
বিজ্ঞাপন
৫০তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি এবং বাকি পদগুলো নন-ক্যাডার হিসেবে পূরণ করা হবে।
ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে মোট ৬৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিভিন্ন কারিগরি ও সাধারণ ক্যাডারেও প্রয়োজন অনুযায়ী প্রার্থী নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই মৌখিক পরীক্ষার ফল এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রতি বছর বিসিএস পরীক্ষায় বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী অংশ নেন। দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ সরকারি নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে বিসিএস অন্যতম। ফলে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর এখন উত্তীর্ণ প্রার্থীদের মূল লক্ষ্য থাকবে মৌখিক পরীক্ষায় সফল হয়ে চূড়ান্ত নিয়োগ তালিকায় স্থান নিশ্চিত করা।
বিজ্ঞাপন
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র এবং প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








