আগস্টের শেষেই চালু হবে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

আগামী আগস্টের শেষ সপ্তাহেই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় বৈঠকে ইতিবাচক অগ্রগতি হলে সব খাতের শ্রমিকদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের সম্মতির ভিত্তিতে শ্রমবাজার চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তিনি জানান, অতীতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, অতিরিক্ত খরচ এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ ছিল। তাই এবার স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিক পাঠানোর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি কর্মী প্রেরণ ব্যবস্থা গড়ে তোলা, যাতে বিদেশগামী শ্রমিকরা কোনো ধরনের প্রতারণা বা ভোগান্তির শিকার না হন এবং বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দেশের ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে পরমাণু আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা চলছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী খনিজ ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনা চিহ্নিত করে অনুসন্ধান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সরকার শিশু, কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে তিনি জানান, চলতি সপ্তাহে পরিবেশ দূষণের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮১টি মামলা করা হয়েছে। এসব অভিযানে মোট ৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ, র্যাব এবং কোস্টগার্ড নিজ নিজ দায়িত্ব অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সম্প্রতি এক নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্টগার্ডের বক্তব্য তুলে ধরে তিনি জানান, বাহিনীর দাবি অনুযায়ী ওই ব্যক্তিকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি। অভ্যন্তরীণ তদন্তেও এ ঘটনার সঙ্গে বাহিনীর সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।
তবে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তথ্য উপদেষ্টা বলেন, কোনো ধরনের গুম বা জোরপূর্বক নিখোঁজের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই ওঠে না। কোনো ব্যক্তি নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্ত নিশ্চিত করা হবে। এ ধরনের অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আসন্ন বৈঠক ইতিবাচক ফল বয়ে আনবে এবং এর মাধ্যমে দীর্ঘদিন অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি কর্মীর জন্য নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।








