টং দোকানে চা পান করতে করতে আড্ডা দিলেন তথ্যমন্ত্রী

যাত্রাপথে হঠাৎ গাড়ি থামিয়ে রাস্তার পাশের একটি টং দোকানে চা পান এবং স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে আলোচনায় এসেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার এই অনাড়ম্বর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে সাধারণ মানুষের সঙ্গে মন্ত্রীর আন্তরিক যোগাযোগের উদাহরণ হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ৫ আগস্ট বরিশাল বিভাগীয় শহরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সড়কপথে ঢাকায় ফিরছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পথে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে তিনি বহর থামিয়ে রাস্তার পাশের একটি টং দোকানে প্রবেশ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চায়ের কাপে আড্ডায় অংশ নেন। দোকানে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কিছু সময় আলাপচারিতার পর চা পান শেষ করে আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।
ঘটনার ভিডিও বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, দায়িত্বশীল পদে থেকেও সাধারণ মানুষের সঙ্গে এমন সহজ-সরল আচরণ প্রশংসার দাবিদার।
বিজ্ঞাপন
চা দোকানের মালিক আকতার হোসেন বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে একজন মন্ত্রী তার ছোট্ট দোকানে এসে বসে চা পান করবেন এবং সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবেন। এ অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা এনাম তালুকদার জানান, বিকেলের দিকে বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রী ভুরঘাটা বাসস্ট্যান্ডে গাড়ি থামান। এরপর টং দোকানে বসে চা পান করেন এবং উপস্থিত মানুষের সঙ্গে খোলামেলা কথা বলেন। স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের সরাসরি যোগাযোগ জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই মন্ত্রীর এই আচরণকে সরলতা ও জনসম্পৃক্ততার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।








