গত ১৮ বছরে নির্যাতিতরা পাবেন ভাতা ও বীরের মর্যাদা

বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম, গুম ও খুনের ঘটনায় নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে বীরের মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। গত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি এবং ভাতার আওতায় আনতে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, নতুন অধিদপ্তরের মাধ্যমে গত ১৮ বছরে নির্যাতনের শিকার ব্যক্তিদের গেজেটভুক্ত করা হবে। একই সঙ্গে তাদের রাষ্ট্রীয়ভাবে বীরের মর্যাদা দেওয়া হবে এবং নির্ধারিত ভাতার আওতায় আনা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায় জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ এবং জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে যারা ভূমিকা রেখেছেন, তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলন-সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং গেজেটভুক্ত করা হবে।
ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর পাবলিক প্রসিকিউটরসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।








