Logo

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১৯:২৬
কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি
ছবি: সংগৃহীত

কুয়াকাটা অথবা পটুয়াখালীতে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সেখানে একটি অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা গেলে স্থানীয় মানুষের যাতায়াতে বড় ধরনের সুবিধা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দায়িত্ব পাওয়ার পর প্রবাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন তিনি। দেশের ১৮ কোটি মানুষের সবার কর্মসংস্থান দেশের ভেতরে নিশ্চিত করা সম্ভব নয়। তাই বিদেশের শ্রমবাজার কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন শুধু নিম্নস্তরের কাজে সীমাবদ্ধ না থেকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চপর্যায়ের কাজেও যুক্ত হতে পারেন, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন একই দায়িত্বে থাকার বিষয়ে নুরুল হক নুর বলেন, দীর্ঘ সময় একই জায়গায় থাকলে অনেক ক্ষেত্রে সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। এ কারণে কর্মকর্তাদের নিয়মিত বদলি করা প্রয়োজন। অনেকে তদবির করে পাঁচ থেকে সাত বছর একই জায়গায় থাকার সুযোগ পান। তার মতে, কোনো কর্মকর্তাকে তিন বছরের বেশি একই পদে রাখা উচিত নয়। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের চর্চার কারণে রাতারাতি এসব সমস্যা দূর করা সম্ভব নয়। তবে ধীরে ধীরে দুর্নীতি ও অনিয়ম কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, গত ১৭ বছর দেশে একদলীয় শাসনব্যবস্থা ছিল। নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে প্রতি পাঁচ বছর পরপর আন্দোলনে যেতে হয়েছে। এসব আন্দোলনের সময় সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছে, যার ক্ষতি শেষ পর্যন্ত দেশেরই হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুর্তজা সাইফুল জাকির।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, ব্যবসায়ী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিন্টু, সাংবাদিক ফোরকান আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম উজ্জ্বল এবং গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD