এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ চান নুর

দুর্নীতি কমানো এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
নুরুল হক নুর বলেন, বর্তমানে একজন সংসদ সদস্য মূল বেতন ও বিভিন্ন ভাতাসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পান। তবে নির্বাচনী এলাকায় চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে গিয়ে অনেক জনপ্রতিনিধিকে বাড়তি আর্থিক চাপ সামলাতে হয়। বাস্তবতার তুলনায় বর্তমান বেতন-ভাতা কাঠামো অপ্রতুল বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, ব্যক্তিগত সম্পদ নেই—এমন জনপ্রতিনিধিদের জন্য বর্তমান বেতনে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। এতে অনৈতিকভাবে অর্থ উপার্জনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই দুর্নীতি কমাতে জনপ্রতিনিধিদের জন্য সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন-ভাতা নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় সংসদ সদস্যদের সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়ারও প্রস্তাব দেন নুরুল হক নুর। তিনি বলেন, দায়িত্ব পালনের সুবিধার্থে প্রত্যেক সংসদ সদস্যকে একটি সরকারি গাড়ি দেওয়া যেতে পারে। তবে সংসদ সদস্যের মেয়াদ শেষ হলে গাড়িটি সরকারি পরিবহন পুলে ফেরত নেওয়া উচিত।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব দেশে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো উন্নত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথও সহজ হয়েছে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন নুরুল হক নুর। পাশাপাশি প্রবাসীদের হয়রানি কমাতে শিগগির ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই কার্ডধারীরা বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান প্রতিমন্ত্রী।








