জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব করা হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ভাড়া কার্যকর হবে। পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সাধারণত ভাড়া নির্ধারণের সময় বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি জ্বালানি, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি এবং অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নেয়। তবে এবার অন্যান্য ব্যয়ের পরিবর্তন বিবেচনায় না নিয়ে শুধু জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি হিসাব করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। প্রচলিত হিসাব অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ১ পয়সা বাড়ে। সেই হিসাবে এবার জ্বালানির মূল্যবৃদ্ধির পুরোটা বাসভাড়ার সঙ্গে সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
বৈঠকের আগে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জ্বালানির দাম বাড়ার কারণে বাসভাড়া সমন্বয়ের আবেদন জানান তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।
বিজ্ঞাপন
প্রস্তাবিত ভাড়া কার্যকর হলে মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭১ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৬০ পয়সা হবে। দূরপাল্লার বাসে ভাড়া দাঁড়াবে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা। এর সঙ্গে নির্ধারিত ক্ষেত্রে সেতু ও সড়কের টোলও যাত্রীদের বহন করতে হবে।








