Logo

প্রতারণা বন্ধ না করলে সবার কপালে শনির দশা আছে: প্রতিমন্ত্রী নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ২০:১৬
প্রতারণা বন্ধ না করলে সবার কপালে শনির দশা আছে: প্রতিমন্ত্রী নুর
ছবি: সংগৃহীত

অবৈধভাবে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, এসব চক্রের ওপর গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সংস্থার নজরদারি রয়েছে। তাই প্রতারণা বন্ধ না করলে কারও রেহাই পাওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) আওতায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। অতীতের বিতর্কিত পদ্ধতি এড়িয়ে স্বচ্ছ ও কম খরচে বাংলাদেশি কর্মীদের পাঠানোর ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। তবে এর আগেই কর্মী পাঠানোর নামে অর্থ সংগ্রহ, সিরিয়াল দেওয়া বা বিজ্ঞাপন প্রচারের বিষয়টি অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এ ধরনের বিজ্ঞাপন প্রকাশের সুযোগ নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশে প্রায় তিন হাজার লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি থাকলেও তাদের অধিকাংশই বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। সঠিকভাবে আইন মেনে পরিচালিত হলে চার থেকে পাঁচশর বেশি প্রতিষ্ঠানের লাইসেন্স টিকবে না। ভুয়া ও অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কঠোর পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে কোনো ধরনের ঘুষ বা অনিয়মও বরদাশত করা হবে না বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, মন্ত্রণালয়, বিএমইটি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে। তারা অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তিতে কাজ করবেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘প্রবাসী কার্ড’। নতুন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার বিভিন্ন সুবিধাও এই কার্ডের সঙ্গে যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

সিস্টেক ডিজিটাল লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউলটি বিএমইটির কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে একই ডিজিটাল কাঠামোর আওতায় আনবে। এর মাধ্যমে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই অভিযোগ দাখিল, প্রয়োজনীয় নথি আপলোড এবং অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। অন্যদিকে বিএমইটির কর্মকর্তারা ডিজিটাল পদ্ধতিতে তদন্ত, সালিস, নিষ্পত্তি এবং প্রতিবেদন তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনীম সিদ্দিকীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD