Logo

যা কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পিএসসি চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৫:২৭
যা কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পিএসসি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। তবে এদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগসংক্রান্ত চিঠি পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার চেয়ারম্যান তাকে ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিকেলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও চেয়ারম্যান জানিয়েছেন।

অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তার ভাষ্য অনুযায়ী, অধ্যাপক মোবাশ্বের মোনেম তাকে জানিয়েছেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছানোর পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্বায়ত্তশাসনের চিঠি নিয়েও আলোচনা

এদিকে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন বর্তমান কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিল।

বিজ্ঞাপন

ওই সদস্যের দাবি, বিষয়টি নিয়ে সরকারের মধ্যে ইতিবাচক মনোভাব ছিল না। পাশাপাশি সম্প্রতি চেয়ারম্যানকে পদ থেকে সরে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল—এমন গুঞ্জনও রয়েছে।

তবে এসব বিষয় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। চেয়ারম্যানের জনসংযোগ কর্মকর্তা কেবল শারীরিক অসুস্থতাকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

গণঅভ্যুত্থানের পর নতুন কমিশন

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সরকারি কর্ম কমিশনের তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব পালন করে আসছিল।

এখন চেয়ারম্যান পদ থেকে তার অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর হলে পিএসসির নেতৃত্বে নতুন পরিবর্তনের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD