Logo

টেকসই উন্নয়নে সবার সমান সুযোগ নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৯:৪৭
টেকসই উন্নয়নে সবার সমান সুযোগ নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, সমতার ভিত্তিতে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করলেই একটি সমাজ দীর্ঘমেয়াদে স্থায়ী উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা জিআইজেড এবং নরওয়ে সরকারের যৌথ আয়োজনে ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম ও তথ্যের জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষের কাছে তথ্য পৌঁছানোর সুযোগ যেমন আগের তুলনায় অনেক বেড়েছে, তেমনি এর সঙ্গে তৈরি হয়েছে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই পরিবর্তিত বাস্তবতায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

তাঁর মতে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সেই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য এবং দায়িত্বশীলভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে তথ্যের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে একই সঙ্গে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

তিনি বলেন, প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

প্রযুক্তির ব্যবহার যেন মানুষের কল্যাণে থাকে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ফ্রাঙ্কেনস্টাইনের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি যদি শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যা মানুষের জন্যই ধ্বংসাত্মক হয়ে উঠবে।

গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য গবেষণা, নীতিনির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন।

তিনি নতুন প্রজন্মের প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডেটানির্ভর যোগাযোগ ব্যবস্থাকে জনকল্যাণ ও তথ্যের মানোন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশকে বাধা দেওয়ার পরিবর্তে এর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহার ও এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় নীতি ও সক্ষমতা তৈরি করতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।

তাঁর মতে, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখাও জরুরি। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতে কার্যকর নীতিগত কাঠামো প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানো এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাদের খাপ খাওয়ানোর সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা পরিবর্তিত তথ্য পরিবেশে আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্যব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বিদেশি অভিজ্ঞতা সরাসরি অনুসরণ না করে দেশের বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী তা কাজে লাগাতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ইউএনডিপিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের এ ধরনের আয়োজন বাংলাদেশের গণমাধ্যম খাতে নীতি প্রণয়ন, গবেষণা এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সমাজে সমান সুযোগ নিশ্চিত করা, তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর মধ্য দিয়েই দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব বলে বক্তব্যে গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD