দেশজুড়ে প্রথম নৌযান শুমারি শুরু হচ্ছে আজ

দেশের সমুদ্র, উপকূল ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহে প্রথমবারের মতো দেশব্যাপী শুমারি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞাপন
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এই শুমারি পরিচালনা করছে। বুধবার (১৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
শুমারিতে দেশের বিভিন্ন ধরনের নৌযানের সংখ্যা ও ধরনসহ মালিকানা, নিবন্ধন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পরে এসব তথ্য একত্র করে নৌযান খাতের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের মতে, এই শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ চিত্র পাওয়া যাবে। বর্তমানে ছড়িয়ে থাকা নৌযান-সংক্রান্ত তথ্য এক জায়গায় আনার ফলে পরিকল্পনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।
শুমারি থেকে পাওয়া তথ্য নৌযানের নিবন্ধন কার্যক্রম আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার এবং নৌপথ ব্যবস্থাপনার উন্নয়নে কাজে লাগানো যাবে। পাশাপাশি নৌপরিবহন খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণেও এই ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নৌযান শুমারির মাধ্যমে প্রথমবারের মতো দেশের ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, প্রকৃতি ও মালিকানা কাঠামোসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যানভিত্তিক একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরির সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নৌযানের মালিক, চালক, শ্রমিক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সহযোগিতা চেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বিবিএসের নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা যখন তথ্য সংগ্রহে যাবেন, তখন তাদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।








