Logo

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ২১:২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তার দীর্ঘ পথচলা নিবিড়ভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে দিয়েছে।

তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও বাড়াবে বলে তিনি আশা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD