Logo

মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ২০:৩০
মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর এ অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গে করমর্দন করেন এবং লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল হাত তুলে সংসদ সদস্যদের অভিবাদন জানান।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্যান্য সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে মির্জা ফখরুল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর নিজের আসন থেকে এগিয়ে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে মির্জা ফখরুলের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গেও তিনি কোলাকুলি করেন।

একপর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন মির্জা ফখরুল। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাদেরও সালাম জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় সংসদ কক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD