Logo

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৯:০৭
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেননি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তত্ত্বাবধানে সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ব্যালট পেপারে স্বাক্ষর করে ভোট দেন। নির্ধারিত সময় শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সদস্য ভোট দিয়েছেন। বিভিন্ন কারণে বাকি ছয়জন ভোটগ্রহণে অংশ নেননি।

ভোট দেওয়া থেকে বিরত থাকা ছয় সংসদ সদস্য হলেন—বিএনপির মির্জা আব্বাস (ঢাকা-৮), ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩) ও মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩); স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২); খেলাফত মজলিশের মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫) এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংসদীয় সূত্র জানিয়েছে, প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে সংসদে উপস্থিত হতে পারেননি। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং অনুপস্থিত থাকা অন্য সদস্যদের ভোট না দেওয়ার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ শেষ মুহূর্তে সংসদ অধিবেশনে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD