বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আজ, বন্ধ থাকবে যেসব সড়ক

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি সড়কে আজ শুক্রবার বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
তাদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সাধারণ যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানমুখী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজন অনুযায়ী এসব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বাম দিকে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ কারণে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে নির্দেশনা মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।








