Logo

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১২:২০
শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। পরে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর বৃহস্পতিবার রাতেই সরকারি প্রজ্ঞাপন জারি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবিধানের বিধান অনুযায়ী, ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD