নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
তারা হলেন—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণকে ঘিরে বঙ্গভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হচ্ছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১৬৭।
নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ৩৪৯ জন সংসদ সদস্য ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।








