Logo

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৯:২৩
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিভিন্ন সড়কে যান চলাচলে ডাইভারশন দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন। আমন্ত্রণপত্র যাচাই করে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়ার পাশাপাশি আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার করা হয়েছে। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি অনেকটা ফাঁকা রয়েছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করবেন মির্জা ফখরুল। আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন।

বিজ্ঞাপন

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। অতিথিদের বসার সুবিধা বাড়িয়ে দরবার হলে এবার ৮০০-এর বেশি আসনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাধারণ সময়ে প্রায় ৪০০ জনের বসার সুযোগ থাকে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পাশাপাশি বিদেশি অতিথি, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরে তারা দরবার হলে যাবেন।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। নিরাপত্তার কারণে মূল প্রবেশপথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও সেখানে দলটির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD