Logo

ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব শুরু ও সম্মাননা প্রদান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ২০:১৭
ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব শুরু ও সম্মাননা প্রদান
ছবি: সংগৃহীত

রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপন উপলক্ষে শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে ঢাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী কয়েকটি প্রেক্ষাগৃহকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আয়োজনটির প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগের প্রভাব সুদূরপ্রসারী। তিনি দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, একসময় সারাদেশে আট শতাধিক সিনেমা হল থাকলেও বর্তমানে সংখ্যা অনেক কমে গেছে। স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের রুচি ও অভ্যাসেও পরিবর্তন এসেছে। তাই দর্শকদের রুচি বিবেচনায় নিয়ে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এ খাতে সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তা থাকা দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে যৌথভাবে কাজ করবে। ভালো মানের চলচ্চিত্র নির্মাণ ও দর্শকদের কাছে তা পৌঁছে দিতে পারলে দেশের চলচ্চিত্র শিল্পে আবারও সুদিন ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন এবং গুণীজনদের সম্মাননা দেওয়ার উদ্যোগের জন্য তিনি ডিএসসিসিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে চলচ্চিত্রের গভীর সম্পর্ক রয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যথাযথভাবে তুলে ধরতে চলচ্চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। ঢাকার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আগামী সাত দিন পরিবার ও স্বজনদের সঙ্গে মধুমিতা হলে এসে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

যারা সম্মাননা পেলেন

বিজ্ঞাপন

জীবন্ত কিংবদন্তি: অভিনেত্রী সুজাতা আজিম, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ; অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ ও আজাদ রহমান শাকিল; গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান ও মনিরুজ্জামান মনির; সংগীতশিল্পী খুরশিদ আলম ও আবিদা সুলতানা; সংগীত পরিচালক শেখ সাদী খান ও শওকত আলী ইমন; চিত্রগ্রাহক রেজা লতিফ ও শফিকুল ইসলাম স্বপন এবং পরিচালক ছটকু আহমেদ, হাফিজ উদ্দীন, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, সাইদুর রহমান সাঈদ ও আওকাত হোসেন।

মরণোত্তর সম্মাননা: পরিচালক আব্দুল জব্বার খান, নাজির আহমেদ, খান আতাউর রহমান, জহির রায়হান, এহতেশাম, মুস্তাফিজ, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস ও চাষী নজরুল ইসলাম; অভিনেতা আবদুল মতিন, খলিল উল্লাহ খান, নায়করাজ রাজ্জাক, রোজী আফসারী, খান জয়নুল, প্রবীর মিত্র ও বুলবুল আহমেদ; গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সংগীত পরিচালক আনোয়ার পারভেজ ও আলাউদ্দীন আলী; সংগীতশিল্পী আজম খান ও এন্ড্রু কিশোর এবং চিত্রগ্রাহক আফজাল চৌধুরী ও এম. এ. সামাদ।

সাংবাদিকতা ও ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ: চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য চিন্ময় মুৎসুদ্দী, রফিকুজ্জামান, অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরী ও আবদুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মধুমিতা হলে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনী

উৎসব উপলক্ষে মধুমিতা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

২২ আগস্ট: সন্ধ্যা ৬টা — ‘মুখ ও মুখোশ’

বিজ্ঞাপন

২৩ আগস্ট: বিকেল ৩টা — ‘নবাব সিরাজউদ্দৌলা’; সন্ধ্যা ৬টা — ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’

২৪ আগস্ট: বিকেল ৩টা — ‘জীবন থেকে নেওয়া’; সন্ধ্যা ৬টা — ‘নান্টু ঘটক’

২৫ আগস্ট: বিকেল ৩টা — ‘অশিক্ষিত’; সন্ধ্যা ৬টা — ‘রংবাজ’

বিজ্ঞাপন

২৬ আগস্ট: বিকেল ৩টা — ‘সবুজ সাথী’; সন্ধ্যা ৬টা — ‘নাচের পুতুল’

২৭ আগস্ট: বিকেল ৩টা — ‘দূরদেশ’; সন্ধ্যা ৬টা — ‘দহন’

২৮ আগস্ট: বিকেল ৩টা — ‘দোস্ত দুশমন’; সন্ধ্যা ৬টা — ‘বধু বিদায়’

বিজ্ঞাপন

ডিএসসিসি জানিয়েছে, উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD