Logo

বৈধতার দাবিতে বনানীতে স্লিপার বাস মালিকদের সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৫:১৭
বৈধতার দাবিতে বনানীতে স্লিপার বাস মালিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সারা দেশে চলাচলকারী স্লিপার বাসের বৈধতা ও নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

অবরোধের আগে সাংবাদিকদের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন স্লিপার বাস মালিক সমিতির নেতারা। তাদের প্রধান দাবি, আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তারা আরও দাবি করেন, স্লিপার বাস খাতে বিনিয়োগ ও সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের বাস পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।

ফিটনেস সনদ ও রুট পারমিট নিয়ে বিদ্যমান জটিলতা দ্রুত নিরসনের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধের দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার প্রস্তাব দিয়েছেন মালিকরা।

বিজ্ঞাপন

সমিতির নেতাদের দাবি, এই খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থানও স্লিপার বাসের ওপর নির্ভরশীল। বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ হলে মালিক ও শ্রমিক উভয়েই বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

তাদের বক্তব্য অনুযায়ী, স্লিপার বাস পরিচালনা নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির আগে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মালিক সমিতি বলছে, স্লিপার বাস বন্ধ না করে এর কারিগরি ও নিরাপত্তা মান নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে বিআরটিএর মাধ্যমে পৃথক নীতিমালা তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারা আরও জানান, আইন ও সরকারি বিধিবিধান মেনে চলতে তারা প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনব্যবস্থা পুরোপুরি বন্ধ না করে মালিক, শ্রমিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের।

বিজ্ঞাপন

স্মারকলিপি দিতে যাওয়া প্রতিনিধিদলে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা ছিলেন।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD