Logo

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৫:৪০
স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ
ছবি: সংগৃহীত

স্লিপার বাস চলাচল নিয়ে মালিকদের দাবিগুলো শুনতে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে প্রচলিত আইন অমান্য করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দেওয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মালিক সমিতির স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে দেশের আইন সবার জন্য সমান এবং আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, “আইনের বিষয়ে কোনো দ্বিমত নেই। আইন পরিপালনে আমরা বদ্ধপরিকর।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্লিপার বাস পুরোপুরি বন্ধ না করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে চালানোর মালিকদের দাবির বিষয়ে চেয়ারম্যান বলেন, স্লিপার বাসসহ যেকোনো ধরনের সংস্কারের বিষয়েই সংশ্লিষ্টদের সঙ্গে বসে তাদের বক্তব্য শোনা হবে।

বিজ্ঞাপন

মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, দেশের যেকোনো নাগরিক তাদের মতামত ও দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারেন। বিআরটিএও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব, তা করবে। তবে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

তিনি আরও বলেন, “আইনের বিষয়টি আমরা পুরোপুরি অনুসরণ করব, ওনারাও নিশ্চয়ই অনুসরণ করবেন। এ বিষয়ে দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।”

এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং এ খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালিক সমিতির নেতারা স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের দাবি জানান। তাদের মতে, যথাযথ নিয়ন্ত্রক কাঠামোর আওতায় এনে এই পরিবহনব্যবস্থা পরিচালনা করা সম্ভব।

বিজ্ঞাপন

সমিতির দাবি, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থানও এ খাতের সঙ্গে যুক্ত। তাই বাসগুলো বন্ধ না করে প্রয়োজনীয় নীতিমালা ও নিরাপত্তা কাঠামো তৈরি করে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD