Logo

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৯:৩৯
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি নগর ভবনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, পরিবহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। এতে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

শোভাযাত্রায় ঢাকার পত্তন ও বিকাশে ভূমিকা রাখা ঐতিহাসিক ব্যক্তিদেরও বিভিন্নভাবে তুলে ধরা হয়। রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলা রাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির আদলে সাজা অংশগ্রহণকারীরা নগরের অতীত ইতিহাসকে শোভাযাত্রায় জীবন্ত করে তোলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতি প্রদর্শন করা হয়। পাশাপাশি অতীতের যাতায়াত ব্যবস্থার স্মৃতি তুলে ধরতে স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনীও ছিল। এসব আয়োজন পথচারী ও নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

নগর ভবনে শোভাযাত্রা শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। নগরের ইতিহাস ও ঐতিহ্য নগরবাসীসহ বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক এ আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শোভাযাত্রাকে ঘিরে পুরান ঢাকার সড়কের দুই পাশে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা যায়। বর্ণিল পোশাকে তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD