Logo

হবিগঞ্জ-মৌলভীবাজারে বন্যার আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১৬:২৮
হবিগঞ্জ-মৌলভীবাজারে বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়তে থাকায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম শোভনের দেওয়া নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং এসব বিভাগের উজান এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী দুই দিন নদীগুলোর পানি স্থিতিশীল থাকতে পারে।

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু জায়গা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী এক দিনে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিনে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর তৃতীয় দিনে পানি কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী এক দিনও পানির উচ্চতা একই অবস্থায় থাকতে পারে। তবে পরবর্তী চার দিনে এসব নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনও এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এ নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

উত্তরাঞ্চলে তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। এ সময়ে দুধকুমার নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকলেও পরবর্তী দুই দিনে পানি বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধির প্রবণতার কারণে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD