বিরোধীদলের লংমার্চে এক লাখ লিটার তেল খরচ হবে: মীর শাহে আলম

দেশে জ্বালানি সংকট রয়েছে—বিরোধী দলের এমন বক্তব্যকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিরোধী দলের ঘোষিত লংমার্চের সমালোচনা করে তিনি দাবি করেছেন, কর্মসূচি বাস্তবায়নেই এক লাখ লিটার জ্বালানি খরচ হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, “তারা যে লংমার্চ করবে, তাতে খরচ হবে এক লাখ লিটার জ্বালানি তেল।”
বিরোধী দলের জ্বালানি সংকটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসব বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে কোনো প্রার্থী দেওয়া হবে না। তবে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি বিএনপির সমর্থন থাকবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের অর্থের ব্যবস্থা করা হবে।

প্রার্থী সমর্থনের বিষয়ে তিনি বলেন, শুধু নির্বাচনে জয়ের সম্ভাবনা থাকলেই কোনো ব্যক্তিকে বিএনপির সমর্থন দেওয়া হবে না। যারা অতীতে আন্দোলন-সংগ্রামের সময় মাঠে ছিলেন না, তাদের বিষয়ে দল সতর্ক থাকবে।
তার ভাষ্য, “ভোটে জিতে আসার সম্ভাবনা আছে, কিন্তু বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি— এমন প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার না করার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মীর শাহে আলম জিয়া উদ্যানে পৌঁছালে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদনের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








