বিদ্যুৎ নিয়ে এবার সুখবর দিলেন প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মের আগেই দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অন্তত ৩ হাজার মেগাওয়াটে উন্নীত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। সৌদি আরবের মতো তেলসমৃদ্ধ দেশেও মূল্য বেড়েছে এবং যুক্তরাষ্ট্রেও তেল-গ্যাসের দাম বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে দীর্ঘদিন মূল্য সমন্বয় না করে থাকা সম্ভব নয়।
তবে জনগণের বিষয়টি বিবেচনায় রেখেই সরকার জ্বালানির দাম সমন্বয় করছে বলে জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন সম্পদের ব্যবহারে সবার মধ্যে পরিমিতিবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। শিশুদেরও ছোটবেলা থেকেই সম্পদের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার শেখানোর আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় নিজ দলের নেতাকর্মীদেরও সতর্ক করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এতে জেলার প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিরা অংশ নেন।








