Logo

চেয়ারম্যানশূন্য পিএসসি, কি হবে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ২০:৩৬
চেয়ারম্যানশূন্য পিএসসি, কি হবে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির?
ছবি: সংগৃহীত

চেয়ারম্যান ছাড়াই চলছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আর এ পরিস্থিতিতে আগামী নভেম্বরে নির্ধারিত সময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চেয়ারম্যানের পদত্যাগের পর কমিশনের নিয়মিত কার্যক্রমে কিছুটা গতি কমেছে বলে জানিয়েছেন পিএসসির এক সদস্য।

বিজ্ঞাপন

চলতি বছরের নভেম্বরেই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা ছিল পিএসসির। সেই লক্ষ্য সামনে রেখে প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছিল। তবে চেয়ারম্যানের পদত্যাগের কারণে পুরো প্রক্রিয়ায় কিছুটা ছন্দপতন ঘটেছে।

পিএসসি সূত্র জানায়, ৫১তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা এখনো কমিশনে পাঠানো হয়নি। মন্ত্রণালয় থেকে শূন্যপদের তালিকা পাওয়ার পরই পদসংখ্যা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে পিএসসি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কমিশনের একজন সদস্য শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘নিয়মিত বিসিএস আয়োজন ও শেষ করার ধারা বজায় রাখতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পাশাপাশি ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান।’

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির জন্য প্রথা অনুযায়ী- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠানো হবে। মন্ত্রণালয়ের শূন্যপদের তালিকা পাওয়ার পর পদসংখ্যা চূড়ান্ত করা হবে। পদ নির্ধারণ হলে আনুষ্ঠানিকভাবে বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করবে কমিশন।’

বিজ্ঞাপন

তবে চেয়ারম্যান না থাকায় কমিশনের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ছে বলে জানান ওই সদস্য। তার ভাষায়, ‘চেয়ারম্যান না থাকায় স্বাভাবিক গতি হারাচ্ছে পিএসসি। তবে বিজ্ঞপ্তিতে দেরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেপ্টেম্বর মাসের মধ্যে চেয়ারম্যান পদে নিয়োগ না হলে তখন যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশে প্রভাব পড়তে পারে।’

পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ পদ দীর্ঘদিন শূন্য রাখার বিষয়ে সরকারেরও আগ্রহ নেই বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম বলেন, ‘যিনি ছিলেন, তিনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তাকে এখনো অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা জানা নেই। পাশাপাশি পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদ সরকারও ফাঁকা রাখতেও চায় না। সেক্ষেত্রে অবশ্যই এ নিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন।’

অর্থাৎ, সেপ্টেম্বরের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ হলে নভেম্বরেই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। কিন্তু চেয়ারম্যান নিয়োগে দীর্ঘসূত্রতা তৈরি হলে কমিশন সভা আয়োজনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় বিলম্ব হতে পারে, যার প্রভাব পড়তে পারে বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময়সূচিতে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD