Logo

মহাপরিচালক-পরিচালকদের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসে পদোন্নতির জট খুলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ১২:৫৩
মহাপরিচালক-পরিচালকদের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসে পদোন্নতির জট খুলছে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পদোন্নতির দ্বার উন্মোচিত হয়েছে। হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে সাব-অফিসার থেকে স্টেশন অফিসার পদে ২২০ জনের পদোন্নতিতে আইনগত কোনো বাধা থাকছে না।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২৫০ জন ‘লিডার’ পদ থেকে ‘সাব-অফিসার’ পদে এবং প্রায় ৩০০ জন ‘ফায়ারফাইটার’ পদ থেকে ‘লিডার’ পদে পদোন্নতি পাবেন। এর মাধ্যমে ফায়ার সার্ভিসের প্রায় ৭৭০ জন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি বাস্তবায়িত হতে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহিদ আতাহার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাঙ্ক্ষিত পদোন্নতির দ্বার উন্মোচিত হওয়ায় উল্লাস প্রকাশ ফায়ার ফাইটারসহ ফায়ার সার্ভিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, উপজেলা পর্যায়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারের (স্টেশন অফিসার) পদটি দীর্ঘদিন ধরে ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত থাকায় কর্মকর্তা ধরে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পর্যায়ে প্রায় ২৬টি দপ্তরের কর্মকর্তারা ৯ম গ্রেড এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা ১০ম গ্রেডভুক্ত হলেও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসাররা ১২তম গ্রেডে রয়ে গেছেন। ফলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে অনেকে যোগ দিলেও পদমর্যাদার বৈষম্যের কারণে পরবর্তীতে অন্য চাকরিতে চলে যান। বর্তমানে উপজেলা পর্যায়ে স্টেশন অফিসারের ৫৩৮টি পদের মধ্যে ৪৪২টি পদই শূন্য রয়েছে, যা সেবা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের জটিলতা তৈরি করছে।

​তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ফলে পদোন্নতিযোগ্য ১৬৩টি শূন্য পদ পূরণ সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ​পাশাপাশি স্টেশন অফিসার পদটি ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সম্মতি দেওয়া হয়েছে এবং বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

​কর্মকর্তারা জানান, পদটি ১০ম গ্রেডে উন্নীত হলে যোগ্য কর্মকর্তারা এ পদে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী হবেন। এতে করে অগ্নি নির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, কর্মকর্তাদের মনোবল চাঙ্গা হবে এবং অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD