Logo

নতুন দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ২১:৪৪
নতুন দায়িত্ব পেলেন হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। এ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ সময় বিদেশে অবস্থানের কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং দেশের বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। পরে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ কারণে দায়িত্বকালীন সময়ে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে তাকে দীর্ঘ সময় অবস্থান করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের প্রতিনিধিত্বকে দেশের জন্য মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একই সময়ে শামা ওবায়েদ ইসলামও তার পদে বহাল থাকেন।

২৩ আগস্ট জারি করা পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য কার্যক্রমে সহযোগিতা করবেন। নতুন পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকাকালে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, জরুরি সিদ্ধান্ত এবং প্রশাসনিক বিষয়েও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন, বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলো দেখবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD